

স্টাফ রিপোর্টার: সংবিধান সংশোধনের লক্ষ্যে শিগগিরই একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, এই কমিটিতে আনুপাতিক হারে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্য থেকেও সদস্য অন্তর্ভুক্ত করা হবে। সবার মতামত নিয়ে খুব দ্রুতই কমিটি গঠন করা হবে এবং আগামী রোববারের মধ্যেই এটি চূড়ান্ত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কমিটির সদস্যসংখ্যা সম্পর্কে জানতে চাইলে চিফ হুইপ বলেন, সরকারি ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্য দলগুলোতে আইন বিশেষজ্ঞ না থাকলেও তাদের প্রতিনিধিত্ব রাখা হবে। সব মিলিয়ে ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হতে পারে, যদিও সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এমনভাবে সংশোধন করা হবে যাতে বারবার পরিবর্তনের প্রয়োজন না পড়ে। বিরোধী দল কমিটিতে থাকবে না—এমন আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, এটি সঠিক অবস্থান নয়। আজ হোক বা কাল, সংবিধান সংশোধন অপরিহার্য। তাই এই প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ প্রয়োজন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিরোধী দল এতে যুক্ত হবে, কারণ একতরফাভাবে এ ধরনের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, ‘এক হাতে যেমন হ্যান্ডশেক হয় না, তেমনি একপক্ষ দিয়ে সংবিধান সংশোধনও সম্ভব নয়।’ দেশের স্বার্থেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সংসদের মাধ্যমেই দেশের সমস্যার সমাধান করতে চায় সরকার।
অন্যদিকে, বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ অধিবেশন কক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করা হয়েছে, যা এক সেকেন্ডের মধ্যে শব্দ শোষণ করতে সক্ষম এবং প্রতিধ্বনিমুক্ত হবে। এছাড়া ইন্টারনেটের ধীরগতি দূর করা, সংসদ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা এবং আগামী ১০ তারিখের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন প্রস্তুত করার সুপারিশও করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে বৈঠকে অংশ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন ও আবুল হাসনাত।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭