

স্টাফ রিপোর্টার: বিভিন্ন ক্যাম্পাসে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি সাংগঠনিক সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের অংশগ্রহণে এ সভা শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হবে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, তেজগাঁও কলেজ ও কবি নজরুল সরকারি কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজ এবং ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন ইউনিটগুলোর নেতারাও সভায় যোগ দেবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাধারণ সম্পাদক নাহিদ উদ্দিন নাহিদ। সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় নেতারা নির্দেশনা দিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭