

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌর এলাকায় নারী দিয়ে প্রেমের ফাঁদ পেতে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ও গত কয়েক দিনের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চন্দ্রপুর এলাকার বাঞ্চানগর এলাকার মো. শুভ (২৬), ইফতেহাসান সাকিব (২৫), সোয়াইব হোসেন ওরফে শাওন (২০) এবং সমসেরাবাদ এলাকার মাধবী রানী মন্ডল ওরফে তৃষা (২০)। তাঁরা সবাই বর্তমানে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বসবাস করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, এই চক্রটি গত ২৪ মার্চ সন্ধ্যায় পৌরসভার বাঞ্চানগর এলাকায় প্রথম একটি ঘটনা ঘটায়। এরপর ২৬ মার্চ সকালে ল-ইয়ার্স কলোনির একটি বাসায় এবং সর্বশেষ গত ৫ এপ্রিল সকালে একইভাবে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা চালায়। চক্রের নারী সদস্যের মাধ্যমে প্রলোভন দেখিয়ে টার্গেট করা ব্যক্তিদের নির্দিষ্ট স্থানে ডেকে আনা হতো। এরপর সেখানে তাঁদের আটকে রেখে মারধর ও আপত্তিকর ভিডিও ধারণের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পর তদন্তের দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রমজান আলীকে। তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেন।লক্ষ্মীপুর ডিবি পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তাঁরা একটি সুসংগঠিত চক্রের সদস্য। সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করাই ছিল তাঁদের মূল কাজ। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭