

মো আলামিন (সাভার) থানা প্রতিবেদক: সাভারের ব্যাংক টাউন আবাসিক গৃহ নির্মাণ সমবায় সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বর্তমান ব্যবস্থাপনা কমিটির কর্মকাণ্ডকে ‘অগণতান্ত্রিক’ ও ‘স্বার্থান্বেষী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন তিন হেভিওয়েট প্রার্থী। তাদের দাবি, ১৫ এপ্রিল প্রকাশিত সমিতির প্রেস রিলিজটি কেবল বিভ্রান্তিকরই নয়, বরং আসন্ন নির্বাচনে হার নিশ্চিত জেনে এটি একটি সাজানো নাটক। প্রতিবাদ জানানো প্রার্থীরা হলেন— সম্পাদক পদপ্রার্থী মোঃ হাসান আলী, সহ-সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মনিরুল আলম (রাজু) এবং কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী বেগম আজমাইন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতে ভোটার তালিকায় নজিরবিহীন জালিয়াতি করা হয়েছে।
তারা বলেন, "প্রথমে ১৫৮ জনের একটি খসড়া তালিকা করা হলেও সেটি যথাসময়ে প্রকাশ করা হয়নি। পরবর্তীতে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে রহস্যজনকভাবে ৩৮৮ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে এই ২৩০ জন ভোটার কোথা থেকে এলো, তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা বর্তমান কমিটি দিতে পারেনি। বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলে ধরে প্রার্থীরা আরও জানান: সাধারণ সদস্যদের অজান্তে এবং সমিতির স্বার্থ ক্ষুণ্ণ করে বিপুল পরিমাণ জমি গোপনে বিক্রির চেষ্টা চলছে। আবাসিক এলাকার শিশুদের একমাত্র খেলার মাঠ রক্ষায় বর্তমান কমিটি চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেখানে বিভিন্ন অনিয়মকে প্রশ্রয় দিচ্ছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং পদের অপব্যবহার করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ তোলা হয়েছে।
নিজেদের বিরুদ্ধে ওঠা জমি দখল ও অর্থ তছরুপের অভিযোগ সরাসরি অস্বীকার করে মোহাম্মদ মনিরুল আলম (রাজু) বলেন, "নিজেদের দুর্নীতি ঢাকতেই বর্তমান কমিটি আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। এই অভিযোগগুলোর কোনো দালিলিক প্রমাণ নেই। আমরা সব সময় সদস্যদের পাশে ছিলাম এবং আমৃত্যু দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকব। প্রার্থীরা সমবায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বলেন, "একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি না করা পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করতে হবে। ব্যাংক টাউনকে মুষ্টিমেয় কিছু মানুষের পকেট সংগঠনে পরিণত হতে দেওয়া হবে না। এ বিষয়ে বর্তমান ব্যবস্থাপনা কমিটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সাধারণ সদস্যদের মধ্যে এই পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭