

স্টাফ রিপোর্টার: ডিজেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী আরও চারটি জাহাজ দেশে পৌঁছেছে। এর মধ্যে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। পাশাপাশি মালয়েশিয়া থেকে ডিজেলবাহী আরেকটি জাহাজ বন্দরের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে চীনের পতাকাবাহী ‘এমটি ইউয়ান জিং হে’ জাহাজটিকে তেল খালাসের জন্য চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়ানো হয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে আসা ডিজেলবাহী আরেকটি জাহাজ গত ২৯ মার্চ যাত্রা শুরু করে এবং বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। জাহাজটি শুক্রবার রাতের মধ্যে বন্দরে পৌঁছাতে পারে।
এছাড়া, এলএনজি ও এলপিজি বহনকারী আরও দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। এগুলো শনিবার (৪ এপ্রিল) নাগাদ বন্দরে ভিড়তে পারে বলে জানা গেছে।
বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি ডিজেলবাহী নবম জাহাজ, যা চট্টগ্রাম বন্দরে এসেছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭