স্টাফ রিপোর্টার: দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দেওয়ার সুযোগ পাবেন। শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর মনোনীত পরিষদের সদস্যরা হলেন— এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জাব্বার, র্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী।সভায় প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর পরিষদের সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনায় নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
পরিষদ গঠনের উদ্যোগ এবং বেসরকারি খাতের সঙ্গে সমন্বয় করে একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির সরকারের প্রচেষ্টাকে সদস্যরা স্বাগত জানান। সভায় জানানো হয়, বেসরকারি খাতের মতামতের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা তৈরি করা হবে, যাতে তাৎক্ষণিক চ্যালেঞ্জ মোকাবিলায় লক্ষ্যভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।প্রধানমন্ত্রী পরামর্শ দেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক রাখতে প্রস্তাবে অন্যান্য দেশের প্রমাণভিত্তিক আইন, নীতি ও নিয়ন্ত্রক কাঠামোর উদাহরণ অন্তর্ভুক্ত করা উচিত। এ ক্ষেত্রে সমন্বয়কারী সংস্থা হিসেবে বিডা কাজ করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কর্মপরিকল্পনা বাস্তবায়নে সহায়তা দেবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন বিডার প্রস্তাবিত একটি গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ। এর মাধ্যমে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের ধারাবাহিক ও কাঠামোবদ্ধ মতামত প্রদানের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে।এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর জানান, পরিষদটি একটি ‘সাউন্ডিং বোর্ড’ হিসেবে কাজ করবে, যার মাধ্যমে উৎপাদন খাতের মাঠপর্যায়ের বাস্তব চিত্র সরাসরি জানা যাবে এবং ব্যবসা ও সরকারের মধ্যে বিদ্যমান দূরত্ব কমবে।
আলোচনায় নীতি সংস্কার, প্রক্রিয়া সহজীকরণ, কার্যকর নীতি প্রণয়ন ও সময়মতো বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতকরণ, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, নতুন খাত উন্মোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি নিয়ন্ত্রক জটিলতা, জ্বালানি, জাতীয় রাজস্ব বোর্ড, লজিস্টিকস, রপ্তানি, বিদেশি বিনিয়োগ, ব্র্যান্ডিং, নতুন প্রযুক্তি ও অর্থায়ন নিয়েও আলোচনা হয়।পরিষদটি প্রতি তিন মাস অন্তর বৈঠকে বসবে।

