

স্টাফ রিপোর্টার: পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং জনগণের চাহিদার কথা বিবেচনায় রেখে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রিজভী জানান, জনগণের দাবির কারণে জ্বালানি তেলের দাম সামান্য বাড়াতে হয়েছে। অন্যথায় পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হতো না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মূলত দাম বাড়াতে আগ্রহী ছিলেন না। কিন্তু যখন জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা ও যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয় এবং পার্শ্ববর্তী দেশগুলোতে দাম দ্রুত বাড়তে থাকে— তখনও সরকার দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রেখেছে।
মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের আরও সচেতন হতে হবে। শুধু বক্তব্য দিলেই হবে না, কথার সঙ্গে কাজের সামঞ্জস্য থাকতে হবে। প্রধানমন্ত্রীর প্রদর্শিত দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানান তিনি।
এ সময় গুমের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, এ ধরনের ঘটনায় জড়িত অনেকেই দেশ ছাড়তে পারেনি। তাহলে তাদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না— এমন প্রশ্ন তোলেন তিনি। তার মতে, অভিযুক্তদের রিমান্ডে নিলে গুম হওয়া বিএনপি নেতাদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।
গুম সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের বিষয়েও তিনি মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশে কিছু ঘাটতি রয়েছে। সেগুলো সংশোধন করে আরও কার্যকর আইন প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে কেউ গুমের মতো অমানবিক কাজ করার সাহস না পায়। সরকারের আইন মানবতার পক্ষে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭