

স্টাফ রিপোর্টার: টানা চার দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। বিশ্ববাজারে দরপতনের প্রভাবেই এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় নতুন মূল্য নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাজুস, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমে যাওয়ায় তাদের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ১ এপ্রিল সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ২২ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়, যেখানে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিপ্রতি ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৭ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ১০ বার বাড়ানো এবং ৩ বার কমানো হয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭