

স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ’কে ধারণ করেই বিএনপি সামনে এগোচ্ছে। তিনি জানান, এই সনদ দেশের সাধারণ মানুষের মুক্তির দলিল এবং এর বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের জন্য ১০ হাজার টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়েছিল।নির্বাচনী প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে দেশের ১১টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা চালুর বিষয়েও তিনি বলেন, ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। “আমরা প্রতিশ্রুতির চেয়ে কাজে বিশ্বাসী,”—যোগ করেন তিনি।অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল সাউদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুল মজিদ, পুলিশ সুপার মো. আফজাল হোসেন, কৃষকদলের কেন্দ্রীয় নেতা ওসমান আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক মেয়র খলিলুর রহমান, আবু তালেব মিয়া, নজরুল ইসলাম জোয়ার্দার এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু মুসা ও রাজু আহমেদ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭