

স্টাফ রিপোর্টার: জামিন পেলেন দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেখায় পুলিশ রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে একই মামলায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
জামিন নামঞ্জুরের পর দেড় মাস বয়সী কন্যা কাইফা ইসলাম সিমরানকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে কারাগারে যান শিল্পী বেগম। হৃদয়বিদারক এই দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এর আগে দুপুর ২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে বলা হয়, মামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।
শুনানিতে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, শিল্পী বেগমের ১ মাস ১৬ দিনের কন্যাসন্তান রয়েছে এবং তার সিজারিয়ান অপারেশন হয়েছে। মানবিক দিক বিবেচনায় যেকোনো শর্তে জামিন দেওয়ার আবেদন জানান তিনি। তবে প্রথম দফায় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত প্রাঙ্গণে তখন আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। শিশুকে কোলে নিয়ে আদালতের বারান্দায় বসে তাকে দুধ খাওয়ান শিল্পী। পরে শিশুসহ তাকে হাজতখানায় নেওয়া হয়। এ সময় তিনি দাবি করেন, রাজনৈতিক কারণেই তাকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
মামলার সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর চানখাঁরপুল এলাকায় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, পরবর্তীতে শিল্পী বেগমের নির্দেশে ২৩ জুলাই সন্ধ্যায় ১২০-১৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র, পিস্তল ও বোমা নিয়ে ওই শিক্ষার্থীর বাসায় হামলা চালায়। এতে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরণের ঘটনা ঘটে এবং কয়েকজন আহত হন।
এ ঘটনায় গত বছরের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭