কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীমের ফিসারি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে ফিসারিটি দখলের চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শামীম ও তার লোকজনের বিরুদ্ধে একটি মৎস্য খামার থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ তোলা হয়। তবে এলাকাবাসীর একটি অংশ এ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।চরপলাশ এলাকার বাসিন্দা খসরু বলেন, “ফিসারি দখলের জন্য হিমেল গং পরিকল্পিতভাবে শামীমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি কোনো মাটি কাটেননি।”
অভিযোগ অস্বীকার করে মনিরুল ইসলাম শামীম বলেন, “আমি বা আমার কোনো লোক মাটি কাটার সঙ্গে জড়িত নই। একটি মহল আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং ফিসারি দখলের উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।”তিনি আরও বলেন, প্রশাসনের নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়রা মনে করছেন, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।

