

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠিত হলে তাদের মাধ্যমেই তদন্ত কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি, শুধু অতীত নয়—বর্তমান সরকারের সময়েও কোনো অনিয়ম হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
দুর্নীতির লাগাম টানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, সরকারের ভেতরেও কোনো ধরনের অনিয়ম হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি জোরদার করা হবে।
অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, এ যানবাহনকে অবশ্যই নিয়মের আওতায় আনতে হবে। বিষয়টি শুধু বিদ্যুৎ খরচের সঙ্গে নয়, সড়ক নিরাপত্তার সঙ্গেও জড়িত। অনেক চালক প্রশিক্ষণহীন এবং বহু যানবাহন প্রযুক্তিগতভাবে ত্রুটিপূর্ণ। আগে এসব যান মূলত অলিগলিতে চললেও এখন প্রধান সড়কেও চলাচল করছে, যা ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি আরও বলেন, অনিয়মিত চালক ও ত্রুটিপূর্ণ যানবাহনের অবাধ চলাচল বন্ধে সরকার গুরুত্বসহকারে কাজ করছে।
ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, আগের সরকারের সময় এ খাত দুর্বল হয়ে পড়েছিল। তবে ইতোমধ্যে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। হঠাৎ বড় পরিবর্তন আস্থা সংকট তৈরি করতে পারে বলে সরকার ধাপে ধাপে সংস্কারের পথে এগোচ্ছে।
এ সময় তিনি ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান। অর্থনীতির পুনরুজ্জীবন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং রাজস্ব আয় বাড়াতে এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭