ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ


মার্চ ৪, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি—এই ছয় জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে বদলি করা হয়েছে। খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ময়মনসিংহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে বদলি করা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।