স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে সংস্থাটি মধ্যপ্রাচ্যের ৬টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করেছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাতিল হওয়া গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ফলে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বড় ধরনের পরিবর্তন দেখা দেয়।
যুদ্ধপরিস্থিতির প্রভাবে মঙ্গলবার (৩ মার্চ) বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে গত কয়েক দিনে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার বড় অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী।
বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানার জন্য বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

