ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: রাষ্ট্রপতি


মার্চ ৮, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন, সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের বিভিন্ন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমেই তাদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব হবে।

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি উল্লেখ করেন, ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে ১৯৭৮ সালে গঠন করা হয় মহিলাবিষয়ক মন্ত্রণালয়। এই উদ্যোগগুলো নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই উদ্যোগগুলোকে আরও বিস্তৃত ও কার্যকর করে তোলেন এবং মহিলাবিষয়ক মন্ত্রণালয়কে বর্তমান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। এর মাধ্যমে নারীর উন্নয়ন, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

রাষ্ট্রপতি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, সাহিত্য, কলকারখানা ও নির্মাণসহ প্রায় সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি উল্লেখ করেন, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রায় ১৬ শতাংশ অবদান আসে গৃহস্থালির কাজ থেকে, যা দীর্ঘদিন ধরে অদৃশ্য অর্থনৈতিক অবদান হিসেবে থেকে গেছে। নারীর এই অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণ করেছে বলে রাষ্ট্রপতি জানান। তিনি বলেন, আগামী ১০ মার্চ থেকে এই কর্মসূচি চালু হবে। এর মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে, যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচি দরিদ্র ও প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং পরিবারভিত্তিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

নারীর অধিকার ও নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য নানা কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করা হলেও এর সুফল পেতে হলে ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আশা প্রকাশ করেন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবাই কার্যকর পদক্ষেপ গ্রহণে আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে তাকে এই সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে।

গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বেগম খালেদা জিয়াকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

এবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন বিশিষ্ট নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নারী অধিকারকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।