

ভোরের খবর ডেস্ক: চুরাশি বছর আগে, ১৯৪১ সাল। ইয়েমেনের এক ব্যক্তি আলী আল-আলওয়াদি ইতিহাসে কাবাকে ঘিরে সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি ঘটিয়েছিলেন—তিনি সাঁতার কেটে তাওয়াফ করেছিলেন।
সেই বছর মক্কায় ভয়াবহ বন্যা দেখা দেয়। পানিতে ডুবে যায় কাবা শরিফের চারপাশের এলাকা, ফলে তীর্থযাত্রীদের জন্য স্বাভাবিকভাবে হেঁটে তাওয়াফ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে তরুণ আলী আল-আলওয়াদি পানির মধ্যেই সাঁতার কেটে কাবার চারপাশে আটবার তাওয়াফ সম্পন্ন করেন। তার বন্ধুরা তখন তাকে উৎসাহ দিচ্ছিলেন। সে সময়কার একটি বিরল ছবিতেও দেখা যায়—আলী সাঁতার কেটে তাওয়াফ করছেন, আর তার ভাই ও বন্ধুরা কাবার দরজার কাছে বসে আছেন।
আলী আল-আলওয়াদি ২০১৫ সালে ইন্তেকাল করেন। জীবনের শেষদিকে তিনি প্রায়ই এই ঘটনার স্মৃতিচারণ করতেন। তিনি বলতেন, বন্যার পানি এতটাই বেড়ে গিয়েছিল যে হাঁটার কোনো সুযোগ ছিল না—সাঁতার কাটা ছাড়া উপায়ও ছিল না। আর সেই পরিস্থিতিতেই তিনি সাঁতার কেটে তাওয়াফ সম্পন্ন করেছিলেন।
ঐতিহাসিক সূত্র অনুযায়ী, এভাবে সাঁতার কেটে তাওয়াফ করার ঘটনা ইতিহাসে খুবই বিরল। বলা হয়, মাত্র দুইজন ব্যক্তি এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন—প্রথমজন রাসূলুল্লাহ ﷺ–এর সাহাবি আবদুল্লাহ ইবনে যুবাইর (رضي الله عنه) এবং দ্বিতীয়জন আলী আল-আলওয়াদি, যিনি ১৯৪১ সালে একইভাবে তাওয়াফ করেছিলেন। সূত্র: আল আরাবিয়া
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭