ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী


মার্চ ১১, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এসব অধ্যাদেশ পর্যালোচনার জন্য একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। কমিটি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো ল্যাপস (বাতিল) হয়ে যাবে।

তিনি আরও বলেন, নতুন সংসদে এখনো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে কার্যক্রম শুরু হবে। পরে সংসদ নেতার প্রস্তাবের ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ দুটি পদে কাদের মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদকে সামনে রেখে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদের প্রথম অধিবেশন নিয়ে সেখানে আলোচনা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।