

স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’র সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও তপশিল উল্লেখ করে গত বছর জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান সংরক্ষণের শপথ নিয়েছেন ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী। কিন্তু কোন আইনের বলে তিনি ‘সংবিধান সংস্কার পরিষদ’র সদস্য হিসেবে শপথের ফরম জাতীয় সংসদ সচিবালয়ে পাঠিয়েছেন—এ প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, এ ধরনের কোনো এখতিয়ার সিইসির নেই; ফলে এটি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের শামিল।তিনি আরও বলেন, সংসদ সদস্য নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে ব্যালট দিয়েছে, তাতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হওয়ার কোনো সুযোগ ছিল না। জনগণ তাদের সংসদ সদস্য হিসেবে ভোট দিয়েছে, কোনো অজ্ঞাত পরিষদের সদস্য হিসেবে নয়।
বিগত সরকারের জারি করা আদেশকে ‘ভয়েড অ্যাব ইনিশিও’ বা শুরু থেকেই বাতিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৩ সালের ৭ এপ্রিলের পর রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা আর কার্যকর নেই। সংবিধানের চতুর্থ তপশিলের ১৭ অনুচ্ছেদ অনুযায়ী সেই ক্ষমতা বিলুপ্ত হয়েছে। ফলে যে আদেশের ভিত্তিই অবৈধ, তার ওপর কোনো অধিবেশন আহ্বানও বৈধ হতে পারে না। তিনি এ আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘প্রতারণামূলক দলিল’ বলেও আখ্যা দেন এবং বলেন, এটি না অধ্যাদেশ, না আইন—বরং সংসদের সার্বভৌম ক্ষমতা খর্ব করার একটি ব্যর্থ প্রচেষ্টা।
বিএনপি সংস্কার চায় না—এমন প্রচারণাকে বিভ্রান্তিকর দাবি করে তিনি বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে ভুল ধারণা ছড়াচ্ছে যে বিএনপি জুলাই জাতীয় সনদ মানে না। তিনি স্পষ্ট করে বলেন, ২০২৫ সালে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রতিটি বিষয়ই তারা সমর্থন করেন। তবে তাদের অবস্থান হলো—সংস্কার অবশ্যই সংবিধানসম্মত হতে হবে এবং জনগণের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হবে।তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদের ৪৭টি বিষয়ে যে ঐকমত্য হয়েছে, তা ভবিষ্যতে সংসদে বিস্তারিত আলোচনা করা হবে এবং জনগণের ম্যান্ডেট অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭