ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ খবর

মাটির নিচ থেকে পানির ট্যাঙ্কি ভর্তি ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার


মার্চ ৭, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   নাটোরের সিংড়া উপজেলা-এ মাটির নিচে অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিংড়া উপজেলা প্রশাসন-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া পৌরসভা-র নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি স্থাপন করে জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে—এমন তথ্য পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকি থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেল (৩৪)-কে অবৈধভাবে ডিজেল মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধার করা ডিজেল তেল আগামীকালের মধ্যে বৈধভাবে তার দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।