

স্টাফ রিপোর্টার: বিদেশে উচ্চশিক্ষা নিতে যেতে অনেক শিক্ষার্থীর জন্য ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা রাখা বড় বাধা হয়ে দাঁড়ায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের সহায়তায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, বিদেশে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি দেখানোর জন্য প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই ঋণ সুবিধা দেওয়া হবে। কোরিয়া, জাপান, চীন, জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা এ সুবিধা পাবে।মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শ্রমবাজারের একটি বড় অংশই ওই অঞ্চলে নির্ভরশীল। তবে যুদ্ধের ফলে সৃষ্ট অবকাঠামোগত ক্ষতি পুনর্গঠনের জন্য ভবিষ্যতে শ্রমিকের চাহিদা বাড়তে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বিদেশে ভালো বেতনের চাকরি পেতে ভাষাজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই ভাষা না জানার কারণে বাংলাদেশি কর্মীরা কম বেতনের কাজে যুক্ত হন। তাই তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।প্রতিমন্ত্রী জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে কর্মী পাঠানোর সুযোগ বাড়ানো নিয়েও কথা হয়েছে।
তিনি আরও বলেন, ইউরোপের বেশ কয়েকটি দেশের ভিসা প্রক্রিয়ার জন্য বর্তমানে ভারত যেতে হয়, যা ভোগান্তির কারণ। এ পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোকে বাংলাদেশে কনস্যুলার সেবা চালু করতে অনুরোধ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। কিছু দেশ ইতোমধ্যে এ সেবা চালু করেছে, বাকি দেশগুলোকেও দ্রুত তা নিশ্চিত করতে বলা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭