

স্টাফ রিপোর্টার: বিএনপির নেতা-কর্মীদের ওপর নজরদারির ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের নেতাদের কার্যক্রম পর্যবেক্ষণে তিনি যেন “রাডার” বসিয়েছেন।সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদী খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিএনপি নেতা-কর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, তিনি চান সবাই সঠিক পথে চলুক। কেউ অনিয়মে জড়ালে ছাড় দেওয়া হবে না—নেতৃত্ব থেকে সরানোসহ আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এ সময় তিনি স্থানীয় সমস্যার কথাও তুলে ধরেন। বলেন, এলাকায় পানির সংকট দীর্ঘদিনের। তারেক রহমান সম্প্রতি দিনাজপুরের কাহারোলে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন বলেও উল্লেখ করেন তিনি। অতীতে এই অঞ্চলে খাল খনন অব্যাহত থাকলে পানিসংকট অনেকটাই কমে যেত বলে মন্তব্য করেন।কৃষকদের দুর্দশার কথাও তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, অনিয়মিত আবহাওয়ার কারণে গম, ভুট্টা ও আলুর ক্ষতি হচ্ছে। কৃষকদের ঋণসংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে কৃষিঋণ মওকুফের উদ্যোগ নিয়েছিলেন, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দেশে ২০ হাজার খাল খননের পরিকল্পনা রয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা ঠিক নয়। অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করেন না।বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। কোথাও কোনো অভিযোগ থাকলে আইনসম্মতভাবে তা জানাতে হবে, ভাঙচুর বা মব সৃষ্টি করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথাও জানান তিনি।জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও স্থানীয় বিএনপি নেতারা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭