ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী


মার্চ ২৮, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, খেলাধুলাকে সরকার রাজনৈতিকভাবে দেখে না; বরং এটি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করা হবে।গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, আইপিএল সম্প্রচারের বিষয়ে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি। তবে কোনো চ্যানেল আবেদন করলে সরকার তা ইতিবাচকভাবেই বিবেচনা করবে। তিনি জোর দিয়ে বলেন, খেলাধুলা নিয়ে সরকার রাজনীতি করতে চায় না।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশের যেকোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে এবং এ ক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। সবকিছুই নিয়ম অনুযায়ী এবং বাণিজ্যিকভাবে পরিচালিত হবে।এদিকে, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু বলেন, বর্তমানে আইপিএল সম্প্রচারকারী আন্তর্জাতিক চ্যানেলগুলো বাংলাদেশে দেখানোর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। তার মতে, স্টার স্পোর্টসে আইপিএল সম্প্রচার হলে সেটি এখানেও দেখা যাবে, কারণ এ বিষয়ে তাদেরকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সময় আইপিএল সম্প্রচার বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা এখন আর কার্যকর নয়। বর্তমান সরকার যদি নতুন করে কোনো নির্দেশনা দেয়, তবেই সেটি অনুসরণ করা হবে।তবে যথাযথ বিপণন, সম্প্রচার স্বত্ব এবং অন্যান্য প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় টি স্পোর্টস-সহ দেশের কোনো টিভি চ্যানেল এখনো এবারের আইপিএল সম্প্রচার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বর্তমানে তারা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচারে ব্যস্ত রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।