কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ি চত্বরে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গতকাল পাগলা মসজিদের নিলাম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকুর ওপর হামলা চালায় একটি সিন্ডিকেট চক্রের লোকজন। এতে তারা আহত হন।
এ ঘটনায় ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে।

