ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


মার্চ ৫, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের সরাসরি সহায়তা প্রদান এবং সরকারি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে এই কর্মসূচি দ্রুত বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানান, ‘কৃষক কার্ড কেবল একটি সাধারণ পরিচয়পত্র নয়; এটি দেশের প্রতিটি কৃষকের ন্যায্য অধিকার, মর্যাদা এবং সামাজিক নিরাপত্তার প্রতীক হিসেবে কাজ করবে।’ তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে, যা কৃষি খাতে পরিকল্পনা গ্রহণ এবং সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করে তুলবে।

এই বৃহৎ কর্মসূচির কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য অর্থ সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের সচিব কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বয় করবে এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে। পর্যালোচনা সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা ধাপে ধাপে বিভিন্ন সরকারি সুবিধা ও সেবা লাভ করতে পারবেন। এর আওতায় কৃষকেরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহের সুযোগ পাবেন। পাশাপাশি সরকারি ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা এবং প্রাকৃতিক দুর্যোগের সময় বিশেষ সহায়তার সুবিধাও এই কার্ডের মাধ্যমে প্রদান করা হবে। এর ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং কৃষি কার্যক্রমে তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে।

শুধু শস্য উৎপাদনকারী কৃষকরাই নন, এই উদ্যোগের আওতায় মৎস্য চাষী এবং প্রাণিসম্পদ খামারিদেরও অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে দেশের সামগ্রিক কৃষি ও খাদ্য উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত বৃহৎ একটি জনগোষ্ঠী এই কর্মসূচির সুবিধা পাবে। এছাড়াও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কৃষকেরা আবহাওয়ার পূর্বাভাস, বাজারদর, আধুনিক কৃষি প্রযুক্তি, ফসলের রোগবালাই দমন এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন পরামর্শ সরাসরি মোবাইল বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে জানতে পারবেন।

কর্মসূচিটি বাস্তবায়নের প্রথম ধাপে আগামী ৪৫ দিনের মধ্যে সারা দেশের সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এতে কৃষকের জমির পরিমাণ, চাষকৃত ফসলের ধরন, কৃষি পেশায় সম্পৃক্ততার ধরণ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এই তথ্যের ভিত্তিতে একটি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা হবে, যা ভবিষ্যতে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সহায়তা কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এরপর প্রাক-পাইলট পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৯টি নির্বাচিত উপজেলার ৯টি ব্লকে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে। নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, শিবগঞ্জ, পঞ্চগড় সদর, ইসলামপুর, শৈলকুপা, নেছারাবাদ, জুড়ী, কুমিল্লা সদর এবং টেকনাফ। এই পাইলট কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ে বাস্তবায়নের বিভিন্ন দিক যাচাই করা হবে এবং প্রয়োজনীয় সংশোধন ও উন্নয়ন করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) মাঠপর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। তাদের কর্মকর্তারা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে গিয়ে কৃষকদের তথ্য সংগ্রহ, যাচাই এবং কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন।এই কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা গড়ে প্রায় ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন। পাশাপাশি খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে নির্দিষ্ট শ্রেণির কৃষকদের জন্য সরকার নির্ধারিত হারে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর ফলে কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তারা আরও উৎসাহ নিয়ে কৃষিকাজে অংশগ্রহণ করতে পারবেন।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী, প্রাক-পাইলট ও পাইলট পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষি খাতে ডিজিটাল রূপান্তরও আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।