

স্টাফ রিপোর্টার: দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর এই ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, ত্যাগ, সেবামূলক মনোভাব ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা মানুষকে আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট উপলব্ধি করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে ওঠে। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য।
তিনি আরও বলেন, ঈদ আমাদের ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই—এটাই হোক আমাদের অঙ্গীকার।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি সবাইকে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
শেষে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয়। মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিন এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭