স্টাফ রিপোর্টার: দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী।রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন-এর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের সময়ে উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও কিছু উপদেষ্টা নিজ নিজ এলাকায় পক্ষপাতমূলকভাবে তহবিল বরাদ্দ দিয়েছেন।তিনি আরও বলেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। বিভিন্ন সরকারের আমলে এই অঞ্চল বারবার অবহেলার শিকার হয়েছে। বর্তমান সরকার সেই বৈষম্য দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি এর সুফল পায়। কৃষিপণ্য বাজারজাতকরণ থেকে শুরু করে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামীণ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই লক্ষ্য সামনে রেখে উত্তরবঙ্গসহ দেশের অবহেলিত এলাকাগুলোর সড়ক পাকাকরণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আগামী দিনে দুর্নীতিমুক্তভাবে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

