স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এর আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন নিয়াজ আহমদ খান। সেদিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়াজ আহমদ খান সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে নিজের মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জমা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই ঘটনার পর আগস্টের শেষ দিকে নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

