কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) কিশোরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
ইফতার মাহফিলে বক্তব্যে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন বলেন, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে রমজান অন্যতম। যাদের ওপর রোজা ফরজ করা হয়েছে সবাইকে রমজানের হক যথাযথভাবে আদায় করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শিষ্টাচার ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।
অনুষ্ঠানের সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি প্রেস ক্লাব কিশোরগঞ্জকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সিনিয়র কর্মকর্তাগণ, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলার সম্মানিত মুসল্লীগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।শেষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।

