

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার আরও সাশ্রয়ী ও দায়িত্বশীলভাবে নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে জানালা ও দরজা খোলা রেখে প্রাকৃতিক আলো ও বাতাস ব্যবহারের ওপর গুরুত্ব দিতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান আলোর অন্তত অর্ধেক ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া অফিস চলাকালীন সময়ে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার জন্য বলা হয়েছে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ খরচ কমানো সম্ভব হয়।
পাশাপাশি অফিস সময় শেষ হওয়ার পর লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রয়েছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করতে হবে এবং সরকারি ও প্রাতিষ্ঠানিক গাড়ির ব্যবহারও সীমিত রাখতে হবে, যাতে সামগ্রিকভাবে জ্বালানি সাশ্রয় করা যায়।সরকার মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় চাপ কমানো সম্ভব হবে এবং জাতীয় পর্যায়ে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭