

স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও আপাতত দেশে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জ্বালানির মূল্য বাড়লে পরিবহন ব্যয় ও খাদ্যপণ্যের দামও বেড়ে যায়, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর হয়ে ওঠে। তাই বিশ্বের প্রায় ৮০টি দেশ জ্বালানির দাম বাড়ালেও জনগণের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ সে পথে হাঁটেনি। এ কারণে সরকার প্রতিদিন প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাধারণ সময়ে যেখানে প্রতিদিন গড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা থাকে, সেখানে ঈদকে সামনে রেখে প্রতিদিন ২৪-২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ৯০ দিনের জ্বালানি মজুত নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ইরানের অনুমতি পাওয়া সরকারে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন বলেও উল্লেখ করেন তিনি।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭