আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা গেছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।বাজারের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ টাকায়। কাঁচা মরিচ প্রতি কেজি ১৮০ টাকা, বেগুন ৮০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে।
শাকসবজির দাম প্রতি আটিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।ফলের বাজারেও একই অবস্থা; এক হালি কলা ৪০ টাকা, আপেল ৩৪০ টাকা এবং আঙুর ফল (কালো) ৬০০, আঙুর ফল (সবুজ) ৫০০ টাকা, মাল্টা ৩৫০ টাকা, কমলা ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইফতারের অবিচ্ছেদ্য অংশ খেজুরের দাম মানভেদে ৩০০ টাকা থেকে শুরু করে ১,৮০০ টাকা পর্যন্ত গিয়ে ঠেকেছে।
বাজার করতে আসা এক ক্রেতা বলেন, “রমজান মাস আসলেই মনে হয় বাজারে অঘোষিত উৎসব শুরু হয়, তবে সেটা ব্যবসায়ীদের জন্য। আমরা যারা সাধারণ ক্রেতা, আমাদের জন্য শুধু দুশ্চিন্তা।”স্থানীয়দের মতে, প্রতি নিয়ত বাজার মনিটরিং ও কঠোর নজরদারি না থাকলে পুরো রমজানের মাস জুড়েই এই অস্থিরতা অব্যাহত থাকতে পারে। সাধারণ মানুষের স্বস্তির জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ পরিচালনা এখন সময়ের দাবি।

