

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মো. জহিরুল ইসলাম মাসুদ বাদী হয়ে ভালুকা মডেল থানা-য় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে খোরশেদ আলম উজ্জ্বলসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে মাসুদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা গালিগালাজ শুরু করলে বাধা দেন পরিবারের সদস্যরা। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা মাসুদের মা খাদিজা আক্তার (৫৫), ভাতিজা মেহেদী হাসান মুন্না (২৫), ভাবি শেফালী আক্তার (৫২), মাসুদ ও তার গাড়িচালক জুয়েল (২৪)-কে মারধর করে আহত করে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ প্রায় ৯ লাখ ৭৫ হাজার টাকা, প্রায় ৮ ভরির বেশি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য প্রায় ১৭ লাখ টাকা), একটি আইফোন, একটি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে। এছাড়া আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে খাদিজা আক্তারকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযুক্ত খোরশেদ আলম উজ্জ্বল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি সেখানে ছিলাম না, ইফতার পার্টিতে উপস্থিত ছিলাম।এ বিষয়ে থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুল মালেক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭