ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ


ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। এদিন তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার, নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম আরও কার্যকর করা এবং ফ্যামিলি কার্ড ব্যবস্থার কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকার পরিচালনায় সমন্বয়, দায়িত্ববোধ ও জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিক খাত এবং প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর বিভিন্ন দিক আলোচনায় আসে।

মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে নিজ নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিব পর্যায়ের প্রায় সব গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে আসছিল। নতুন সরকারের অধীনে সচিবালয়কেন্দ্রিক কার্যক্রমে ফিরে আসাকে প্রশাসনিক স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধির একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানের পরই রাতের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে এবং পরদিন থেকেই প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আসে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।