ঢাকাবুধবার , ১১ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুলশানে ভোট দেবেন


ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় ওই কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারাদেশে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়াকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় প্রশাসনিক, কারিগরি ও নিরাপত্তা সংক্রান্ত সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

প্রধান উপদেষ্টার ভোটদানকে কেন্দ্র করে গুলশান এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণসহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।