মো আলামিন (সাভার) প্রতিনিধি: সাভারের আলোচিত রানা প্লাজা ধস মামলার প্রধান আসামি ও ভবনটির মালিক সোহেল রানা প্যারোলে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নিয়েছেন। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা রানা শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় কড়া পুলিশি পাহারায় সাভারের নিজ এলাকায় আসেন। এসময় তিনি উপস্থিত মুসল্লিদের কাছে নিজের অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল রানার মা মর্জিনা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে রানার পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হলে কর্তৃপক্ষ তা মঞ্জুর করে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে সাভারের বাজার রোড এলাকায় আনা হয়।
সেখানে জানাজা শেষে রানা উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “আমার মায়ের জন্য দোয়া করবেন। আর আমার ভুলের জন্য আপনারা আমাকে মাফ করে দিয়েন।সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোত্তাছিম বিল্লাহ জানান, জানাজা শেষে এবং দাফন প্রক্রিয়া শুরুর পর রাত সাড়ে ৭টার দিকে কড়া নিরাপত্তায় তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

