স্টাফ রিপোর্টার: পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বগুড়ায় অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন সরকারি কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনে কর্মচারীরা অবস্থান নেন এবং পরে বিক্ষোভ সমাবেশ করেন।
ব্যানারে উল্লেখ করা দাবিগুলোর মধ্যে রয়েছে—
জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বিদ্যমান বৈষম্য দূর করে নতুন পে-স্কেল বাস্তবায়ন, ২০২৩ সাল থেকে বকেয়া সুবিধা প্রদান এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও সরকার এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমিত আয়ের কর্মচারীদের পরিবার চরম সংকটে দিন কাটাচ্ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

