

স্টাফ রিপোর্টার: পাবনা-৩ ও পাবনা-৪ আসনের নির্বাচনী ফলাফল বাতিল করে ভোট পুনঃগণনার দাবিতে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে পাবনা-৩ ও পাবনা-৪ আসনের বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে এই অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা ‘অবৈধ নির্বাচন মানি না, মানবো না’, ‘ভোট গণনা বাতিল চাই, করতে হবে’, ‘ভোট পুনঃগণনা চাই’—এমন নানা স্লোগান দেন। তাদের অভিযোগ, দুই আসনেই ভোট গণনায় অনিয়ম ও কারচুপি হয়েছে, যা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুনরায় গণনা করলে প্রকৃত ফলাফল প্রকাশ পাবে।
বিএনপির এই বিক্ষোভকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কার্যালয়ের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে বলে জানান আন্দোলনকারীরা।
উল্লেখ্য, পাবনা-৪ আসনে ৩ হাজার ৮০১ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আবু তালেব মন্ডল বিজয়ী হন। তিনি মোট ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৪ ভোট। অন্যদিকে পাবনা-৩ আসনে ৩ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মাওলানা আলী আজগার বিজয়ী হন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
বিএনপির নেতাকর্মীদের দাবি, এই দুই আসনে ভোটের ব্যবধান তুলনামূলকভাবে কম হওয়ায় পুনঃগণনা করা হলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে। তারা দ্রুত ভোট পুনঃগণনার উদ্যোগ নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭