বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি: টঙ্গীবাড়ীতে নির্বাচন কালীন সময়ে সাংবাদিকদের করনীয় ও মাদক নির্মূল প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বুধবার বিকেলে প্রেসক্লাব কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ব.ম শামীম, খান আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, কোষাধ্যক্ষ আপন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী সদস্য শেখ রাসেল ফখরুদ্দিন, জাকির কাজি,বাবু হাওলাদার, এমআর খান মিলন, আলি আক্কাস,জেসমিন সুইটি,সাব্বির শেখ, সোহেল পোদ্দার,বিল্লাল মল্লিক প্রমুখ।
আলোচনা সভায় ওসি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় সাংবাদিকদের করণীয় হিসেবে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সংবাদ সংগ্রহ, গুজব ও অপপ্রচার এড়িয়ে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ, ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নির্দেশনা অনুসরণ এবং কোনো ধরনের অনিয়ম বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে সম্ভাব্য চ্যালেঞ্জ, নিরাপত্তা ঝুঁকি ও তথ্যপ্রাপ্তির বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভা শেষে ওসি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

