

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের পূর্ব মাস্তা গ্রামে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। একইসঙ্গে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব মাস্তা মৌজার ১২২৭ দাগের পৈত্রিক সম্পত্তি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমির পরিমাপ সংক্রান্ত বিরোধের জেরে গত শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে পাওনাকৃত জমিতে ল্যাট্রিনের রিং স্ল্যাব বসাতে গেলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে বাধা দেয় এবং মারধর করে বলে অভিযোগ করা হয়। এ সময় রিং স্ল্যাব ও পাইপ ভাঙচুর করা হয়, যাতে প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাত আনুমানিক ১২টার পর একই পক্ষ বসতবাড়ির পাশের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ নিধন করে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ মোজাম্মেল হক জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭