

স্টাফ রিপোর্টার: রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গঠিত গাইবান্ধা-৪ আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩ হাজার ৩৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭২ ভোট। তার সঙ্গে সমান তালে লড়ে হেরে গেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুর রহিম সরকার। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৭৩৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ ফলাফল ঘোষণা করেন।গাইবান্ধা জেলার এই একটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পেয়েছে। বাকি চারটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী কাজী মশিউর রহমান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৩৬০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ (মোটরসাইকেল) প্রতীকে ১ হাজার ৫৫২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাতপাখা) প্রতীকে ১ হাজার ৩৭৩ ভোট এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আতোয়ারুল ইসলাম (কোদাল) প্রতীকে ৩৬৮ ভোট পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গাইবান্ধা-৪ আসনে পোস্টাল ভোটসহ ১৪৩টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার ৪ লাখ ৬৪ হাজার ৮৭১ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৩৪০ জন। ভোট বাতিল হয়েছে ৭ হাজার ১৭৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ৮৮ হাজার ১৬৩টি। ভোট পড়ার হার ৬২.৯৪ শতাংশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭