

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি জানান, হ্যাকাররা তার অ্যাকাউন্ট দখল করে মায়েদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য ছড়ায়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং তার আদর্শ ও অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, হ্যাকিংয়ের ঘটনার পর একটি পক্ষ পরিকল্পিতভাবে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়েছে এবং অযথা উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে মিছিল ও হৈচৈ করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান করে না, তারাই এই ঘটনাকে হাতিয়ার বানিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। নারীদের প্রতি অবমাননাকারীদের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, যারা নারীদের অপমান করে, তারা মানুষ হিসেবে আচরণ করছে না। ‘মা’ সম্বোধন করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, যারা নারীদের অসম্মান করছে, তারাও কোনো না কোনো মায়ের সন্তান। তাদের প্রতি তার আহ্বান—নিজেদের মা, স্ত্রী ও বোনদের সম্মান করতে শিখুন।
ডা. শফিকুর রহমান বলেন, যে ব্যক্তি নিজের পরিবারকে সম্মান করতে জানে, সে সমাজের কোটি কোটি মাকেও সম্মান করতে সক্ষম হবে। তিনি মন্তব্য করেন, যারা নারীদের অসম্মান করে, তারা মানবিক মূল্যবোধ থেকে অনেক দূরে সরে গেছে। তার মতে, সমাজে নৈতিক অবক্ষয় দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতি থেকে উত্তরণে নারীদের মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে।জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। সভায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭