

স্টাফ রিপোর্টার: বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যরা তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দীর্ঘদিনের পেশাগত সাফল্যের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে সুপরিচিত। আবাসন ও শিল্পখাতে তার সুদীর্ঘ অভিজ্ঞতা তাকে একজন সফল ও দূরদর্শী উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। একই সঙ্গে তিনি দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা দৈনিক দেশ রূপান্তর এবং সম্প্রচারমাধ্যম দেশ রেডিও-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও মো. লিয়াকত আলী খাঁন মুকুল অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর একজন নির্বাচিত পরিচালক হিসেবে গণমাধ্যম খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। টেলিভিশন শিল্প, গণমাধ্যম ব্যবস্থাপনা ও ব্যবসায়িক নেতৃত্বে তার সক্রিয় অংশগ্রহণ তাকে এই খাতের একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছে।
ব্যবসা, গণমাধ্যম ও শিল্পখাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দক্ষ নেতৃত্বের সমন্বয়ে মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের নেতৃত্বে আসায় চ্যানেলটির কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করছেন। তার নেতৃত্বে এশিয়ান টেলিভিশন নতুন দিগন্তে এগিয়ে যাবে এবং দর্শকদের জন্য আরও মানসম্মত ও বৈচিত্র্যময় অনুষ্ঠান উপহার দিতে সক্ষম হবে—এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭