কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষী জাহাঙ্গীর আলমের নামাজে জানাজা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তাঁর নিজ এলাকায় যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন করা হয়।
জানাজা অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় শহীদ জাহাঙ্গীর আলমকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন করা হয়।
জানাজা শেষে শহীদ জাহাঙ্গীর আলমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন উপলক্ষে এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শোকাহত পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় জাহাঙ্গীর আলমসহ ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। ওই হামলায় আরও ৯ জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার নাইরোবিতে চিকিৎসাধীন রয়েছেন এবং সবাই শঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শহীদ জাহাঙ্গীর আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন মহল শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪