আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হলো। সদ্য পদত্যাগকৃত অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী যাত্রা শুরু করলেন।
২৮/১২/২৫ ইং (রবিবার) বিকালে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের কাছে সপরিবারে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় পুরো পরিবেশজুড়ে ছিল উৎসবমুখর আবহ ও ব্যাপক জনসমাগম, যা আসন্ন নির্বাচনে এ আসনের গুরুত্ব নতুন করে সামনে এনে দেয়।
মনোনয়ন দাখিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট এম এ মজিদ এবং ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খান। এছাড়া শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
দলীয় নেতাকর্মীদের মতে, অভিজ্ঞ আইনজীবী ও জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির প্রার্থী হওয়ায় ঝিনাইদহ-১ আসনে নির্বাচনী প্রতিযোগিতা আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে বলেও তারা জানান।

