নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে ঘিরে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ দাবি জানান।
পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘আগামীকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা এই মামলার পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রত্যাশা করছি।’এর আগে দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।’

