স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনো সঙ্কটাপন্ন এবং বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড শুক্রবার রাতে দুই থেকে আড়াই ঘণ্টা বৈঠক করে। সেখানে চিকিৎসকরা তার বর্তমান অবস্থা, ঝুঁকি এবং সম্ভাব্য করণীয় নিয়ে মতামত দেন।
মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা আপাতত বিদেশে নেয়ার মতো স্থিতিশীল নয়। তবে প্রয়োজনীয় দেশগুলোর সাথে ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যোগাযোগ রাখা হয়েছে। তিনি উড্ডয়নের উপযোগী হলে বিদেশ নেয়ার সিদ্ধান্ত হবে।”
তিনি আরও জানান, হাসপাতালে নেতাকর্মীসহ বহু মানুষের ভিড়ের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত হচ্ছেন এবং এতে খালেদা জিয়া ও অন্যান্য রোগীর চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মহাসচিব অনুরোধ করে বলেন, “অনুগ্রহ করে এভারকেয়ার হাসপাতালে ভিড় করবেন না। উপযুক্ত সময়ে আমরা ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আনুষ্ঠানিক হেলথ বুলেটিন জানাব।”
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪