নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত পর্যালোচনা করছে। তবে তার মতে, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হতে পারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মামলার সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে।
শুক্রবার (২৮ নভেম্বর) ফেসবুকে দেওয়া নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, জুলাইয়ের ঘটনাবলির অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন না একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে বলেই তিনি বিশ্বাস করেন।
তার দাবি, ‘ঢাকার কসাই’ নামে পরিচিত কামাল খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে ফেরত আনা হতে পারেন।
তিনি আরও লেখেন, হাসিনার দীর্ঘ শাসনামলে সংঘটিত অপরাধগুলো সম্পর্কে সময়ের সঙ্গে নতুন তথ্য প্রকাশ পাচ্ছে এবং গণহত্যা ও গুমের অভিযোগে কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমের আরও মনোযোগ পাবে।
তার মন্তব্য, যত অর্থই ব্যয় করা হোক, এসব ঘটনার দায় চিরদিন এড়িয়ে যাওয়া সম্ভব নয়।
প্রেস সচিব বলেন, জাতি হিসেবে যদি আমরা জুলাইয়ের গণহত্যার ভুক্তভোগী এবং পূর্ববর্তী মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিতে দৃঢ় থাকি, তাহলে এসব ঘটনার জন্য দায়ীদের পক্ষে পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠবে।
তিনি আরও ইঙ্গিত দেন, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে কামালকে দিয়ে, এবং পরে ধাপে ধাপে অন্যরাও এর আওতায় আসতে পারেন।
প্রধান সম্পাদকঃ ফ্লাইট লেফটেন্যান্ট অব: ড. মুহাম্মাদ হারুনুর রশিদ ভূঁইয়া। ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর বানিজ্যিক অফিসঃ ২২ ডিআইটি এক্সটেনশন রোড, আলম টাওয়ার (৮ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৮৯২-৯৯৯৯৬৪