ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গণভোটের ‘হ্যাঁ’–‘না’ মানুষ বুঝছে না: মির্জা ফখরুল


নভেম্বর ২২, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   দেশের মানুষ এখনও গণভোটের বিষয়টি পুরোপুরি ধরতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পিআর দেশের মানুষ বোঝে না। পিআর পদ্ধতির সঙ্গে আমাদের পরিচয় নেই। গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’—কী বোঝাতে চায়, মানুষ ঠিক বুঝতে পারছে না। শেষ দিন পর্যন্তও হয়তো বুঝতে পারবে না।’

শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘১৫–১৬ বছর ধরে একটি ভয়াবহ দানবীয় সরকার দেশ শাসন করেছে। নিজেদের লোক বসানোর জন্য সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সবসময়ই ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে।’

তিনি প্রশ্ন রাখেন, ‘এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা–মসজিদ, এত ইমাম–উলামা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায়–পাপ কেন? মানুষ এত চুরি করে, দুর্নীতি করে, সম্পদ বিদেশে পাচার করে—এটা কেন হয়? একটি মসজিদ বানানোর ব্যাপারে মানুষের যে আগ্রহ, একটি ভালো মানুষ গড়ার ক্ষেত্রে সেই আগ্রহ কোথায় হারিয়ে যায়?’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।