সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির মামলায় আলপনা খাতুন (২৭) নামে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও চারজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) মাসুদুর রহমান মাসুদ বলেন, “শিশু চুরির অভিযোগে আলপনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অপর চার আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।”
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন সন্তান প্রসবের ব্যথা অনুভব করলে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরদিন (২৭ ফেব্রুয়ারি) সকালে সিজারের মাধ্যমে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন।সেদিন বিকেলে হাসপাতাল থেকেই নবজাতকটি চুরি করে নিয়ে যান আলপনা খাতুন। খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই কামারখন্দ উপজেলার আলোকদিয়া গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় আলপনা খাতুনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় শিশুর পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

