

সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে ২৫ লাখ ডাকাতির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুট করা টাকার মধ্যে ৫ লাখসহ খেলনা পিস্তল,র্যাবের কটি, ওয়াকিটকিসহ একটি গাড়ি জব্দ করা হয়।মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের ভাঙা ব্রিজ এলাকা থেকে ২৫ লাখ লুট করে নেয় গ্রেপ্তার ব্যক্তিরা। এই ঘটনায় ২৬ সেপ্টেম্বর সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে তদন্তে নামে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আ. মুত্তালিব ও সহকারী উপপরিদর্শক মেহেদী মাসুদের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা রোববার বিকেলে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে প্রথমে ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কাকরাইল থেকে গ্রেপ্তার করা হয় আরও দুইজনকে।
পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট করা ২৫ লাখ টাকার মধ্য থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এছাড়া, জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি,খেলনা পিস্তল,ওয়াকি-টকি,র্যাবের কটি।এবিষয়ে ঢাকা জেলার ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান বলেন,গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সদস্য। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭